‘বাজবল’ থেকে পিছু হটা নয়, বরং দ্বিগুণ করতে চান রুট
‘বাজবল’ থেকে পিছু হটা নয়, বরং দ্বিগুণ করতে চান রুট
প্রথম টেস্টে ইংল্যান্ডের বিতর্কিত ইনিংস ঘোষণা ও অতি আগ্রাসন নিয়ে সমালোচনা হলেও ওই মানসিকতা থেকে সরে না এসে বরং বাড়ানোর ঘোষণা দিলেন এই ইংলিশ ব্যাটসম্যান।সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন পরামর্শ দিয়েছেন, জয়ের দিকে তাকিয়ে আরেকটু সাবধানী ও স্মার্ট ক্রিকেট খেলতে। ইংলিশ গ্রেট জেফ বয়কট তো সরাসরিই বলেছেন, বিনোদনদায়ী ক্রিকেটে বুঁদ হয়ে জয়ের ভাবনাই ভুলে গেছে এই দল। সমালোচনার এরকম নানা স্রোত বইছে চারপাশে। তবে তাতে টালমাটাল নয় ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের ইংল্যান্ড। দলের অভিজ্ঞ তারকা জো রুট সাফ জানিয়ে দিলেন, ‘বাজবল’ থেকে একটুও পিছু হটবেন না তারা। বরং এই কৌশলের প্রয়োগ তারা করতে চান দ্বিগুণ ভালো করে।
গত এক বছরে ‘বাজবল’ ঘরানায় দারুণ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। সমালোচনাও হয়নি খুব একটা। তবে এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে হারার পর কাঠগড়ায় তোলা হচ্ছে এই কৌশলকে। বিশেষ করে প্রথম দিনে স্টোকসের ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়ে কাটাছেঁড়া চলছে তুমুল।
এছাড়াও আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে বেশ কজন ব্যাটসম্যানের উইকেট বিলিয়ে দেওয়া নিয়েও আলোচনা-সমালোচনা চলছে। রুট নিজেও ১৩১ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার স্টাম্পড হন এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে।
তবে সমালোচনার এই ঝড় একটুও নাড়িয়ে দেয়নি ইংল্যান্ড দলকে। পরের টেস্ট থেকে খেলার ধরনে একটু পরিবর্তন আসবে কি না, এই প্রশ্ন উঠতেই তা উড়িয়ে দিলেন রুট।
“অবশ্যই নয়… দল হিসেবে আমরা মোটেও অমন নই।”
“দল হিসেবে যদি আমরা বেড়ে উঠতে চাই, তাহলে এসব ভাবনাকে পাত্তা দেওয়া যাবে না যে, কোনো একটি দিনে কিছু ব্যাপার আমাদের পক্ষে না এলেই আমাদেরকে ভিন্ন কিছু করার কথা ভাবতে হবে। বরং যদি প্রয়োজন পড়ে, আমরা যা করছি, তা দ্বিগুণ করতে হবে, নিজেদের ওপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন, লর্ডসে (পরের টেস্টে) ওই এক শতাংশকে ঠিক করতে পারি।”
‘বাজবল’ জমানার শুরু গত বছর রুটের নেতৃত্বের অধ্যায় শেষ হওয়ার পরই। সেসময় ইংল্যান্ড সবশেষ ১৭ টেস্টের মধ্যে জয় পেয়েছিল কেবল একটিতে। কিন্তু ম্যাককালাম-স্টোকস জমানায় ১৪ টেস্টে তারা কেবল ৩টিতে হেরেছে, জিতেছে বাকি ১১টিতেই। ফলাফলের পাশাপাশি আগ্রাসী ক্রিকেটের চমকপ্রদ ঘরানায় আলোড়নও ফেলে দিয়েছে তারা।
ইংল্যান্ডকে ৬৪ টেস্টে নেতৃত্ব দেওয়া রুট বললেন, এখন অধিনায়কত্বের দিনগুলিতে ফিরে যাওয়ার সুযোগ পেলে স্টোকসের মতো করেই দল পরিচালনার চেষ্টা করতেন।
‘বাজবল’ থেকে পিছু হটা নয়, বরং দ্বিগুণ করতে চান রুট
“যদি আমার সময়ে ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে বেন (স্টোকস) যেভাবে করছে, সেভাবেই নেতৃত্বের পথচলা শুরু করতাম এবং সে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সেরকম কিছুর চেষ্টা করতাম। এটা অনেক বেশি রোমাঞ্চকর, আরও বেশি আগ্রহ জাগানিয়া এবং আমার মনে হয়, দল হিসেবে ও ব্যক্তিগতভাবে এই ঘরানা থেকে আমরা অনেক বেশি পাচ্ছি। আমাদের ক্রিকেট এখন দেখার জন্য বেশি ভালো, সার্বিক ফলাফলও ভালো হচ্ছে।”
এজবাস্টনে তুমুল উত্তেজনার ম্যাচ শেষ পর্যন্ত ২ উইকেটে হেরে গেলেও রুটের মতে, একটি চ্যালেঞ্জের জবাব তারা ঠিকই দিতে পেরেছেন। সবাইকে তিনি একরকম আহবান জানালেন তাদের পাশে থাকতে।
“ম্যাচের প্রথম বলটিতেই জ্যাক (ক্রলি) চার মেরেছে… আমরা যা নিয়ে আলোচনা করেছি, মাঠেও সবাই তা করে দেখিয়েছে। অনেক অনেক আলোচনা ও আগ্রহ ছিল যে, অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা এটা (বাজবল) করতে পারব কি না। আমার মনে হয়, সবার কাছে আমরা প্রমাণ করেছি যে, আমরা পারি।”
“সবার উচিত আমাদের সঙ্গেই থাকা এবং একই ঘরানা আমাদের কাছ থেকে আশা করা। দল হিসেবে আমরা এমনটিই।”
ইংল্যান্ড হারলেও এজবাস্টনে অপরাজিত ১১৮ ও ৪৬ রানের ইনিংস খেলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন রুট।
লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু আগামী বুধবার।

